Showing posts with label উদ্ভিদ. Show all posts
Showing posts with label উদ্ভিদ. Show all posts

October 19, 2008

‘মরণ-ফুল’ ফুটলে চিরবিদায় নেবে তালি পাম

তালি পামের শেষ বংশধর
পৃথিবীর একমাত্র গাছটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে?
মঞ্জরি এসেছে, ‘মরণ-ফুল’ ফুটলে চিরবিদায় নেবে তালি পাম

আনু আনোয়ার

দেখলে মনে হবে যেন তালগাছের মাথায় হরিণের শিং গজিয়েছে। আসলে তা নয়, পৃথিবীর একমাত্র বলে দাবি করা পাম জাতের একটি গাছ ‘তালি’র (বৈজ্ঞানিক নাম করিফা তালিয়েরা রক্সবার্গ) মঞ্জরিদন্ড এটি। এই গাছটি আবার রয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহ-উপাচার্যের বাসভবনের পেছনে। তার চেয়েও বড় কথা হলো, এই মঞ্জরিদন্ড থেকে ফুটবে গাছটির ‘মরণ-ফুল’। ফুল থেকে হবে ফল। ফল থেকে বীজ। তারপর মারা যাবে গাছটি। অর্থাৎ আর চার-পাঁচ মাসের মধ্যেই চিরবিদায় নেবে তালি পাম নামের এই সর্বশেষ গাছটি।
পামগাছের এই প্রজাতিটি প্রথম আবিষ্ককৃত হয় ১৯১৯ সালে। ব্রিটিশ অরণ্যতরুসন্ধানী ড. উইলিয়াম রক্সবার্গ এই প্রজাতিটির প্রথম খোঁজ পান ভারতের পূর্বাঞ্চলে। তিনি এর নাম দেন করিফা তালিয়েরা (Corypha taliera)। পরে এর বৈজ্ঞানিক নাম হয় ‘করিফা তালিয়েরা রক্সবার্গ’। বাংলায় গাছটিকে ‘তালি’ বা ‘তালি পাম’ নামে ডাকা হয়। গাছটি দেখতে অবিকল আমাদের তালগাছের মতো হলেও প্রকৃতপক্ষে এটি একটি ভিন্ন প্রজাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই গাছটি প্রথম শনাক্ত করেন উদ্ভিদবিজ্ঞানী শ্যামল কুমার বসু (সুত্র: বিপন্ন প্রজাতির খেরোখাতা, লেখক−মোকারম হোসেন)।

গত মাসের প্রথম দিকে এ গাছের মাথা ফুঁড়ে গজিয়ে ওঠা এই মঞ্জরিটি বাংলাদেশের উদ্ভিদবিজ্ঞানীদের মনে দুঃখের ছায়া ফেলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার প্রথম আলোকে বলেন, এই মঞ্জরি থেকে আগামী দেড়-দুই মাসের মধ্যে যে ফুল ফুটবে, তা প্রকৃতপক্ষে গাছটির ‘মরণ-ফুল’, যা পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে গাছটির মৃত্যু নিশ্চিত করবে। সবচেয়ে বড় কথা, পৃথিবীর বুকে প্রাকৃতিক আবাসে এটিই ছিল প্রজাতিটির একমাত্র জীবন্ত নিদর্শন, যা আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে।

পৃথিবীতে এই প্রজাতির সর্বশেষ গাছ এটিই−বাংলাদেশের উদ্ভিদবিজ্ঞানীদের এই দাবির পাশাপাশি ইন্টারনেটের উন্নুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াও বলছে, বন্য পরিবেশে বেড়ে ওঠা সর্বশেষ করিফা তালিয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের বাসভবনের পেছনে দাঁড়িয়ে আছে।

পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা−আইইউসিএন বলেছে, একই প্রজাতির আরেকটি গাছ ছিল ভারতের হাওড়ায় জাতীয় বোটানিক্যাল গার্ডেনে। তবে সেটি প্রাকৃতিক পরিবেশের নয়, উদ্যানে জন্নানো গাছ। সেটি ফুল ফোটানোর পর তার বীজ সংরক্ষণ করা হয়েছে। তবে আইইউসিএনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রাকৃতিক পরিবেশের সর্বশেষ তালি পামটি ছিল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পাশের একটি গ্রামে। গাছের মাথায় শিংয়ের মতো ফুল গজায় বলে এটিকে গ্রামের সবাই ‘ভুতের গাছ’ নাম দেয়। পরে গ্রামবাসী গাছটি কেটে ফেলে। ফলে সে গাছ থেকে কোনো বীজ সংগ্রহ করা সম্ভব হয়নি।

বিশিষ্ট প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা প্রথম আলোকে বলেন, বাংলাদেশের করিফা তালিয়েরা প্রজাতির এটিই সর্বশেষ গাছ, সম্ভবত বিশ্বের বুকেও। কারণ, এই গাছটি নিয়ে তেমন তথ্য পাওয়া যায় না। তবে উনিশ শতকে কলকাতায় অনেকগুলো তালি পামগাছ ছিল। তিনি বলেন, এই প্রজাতির গাছ বাংলা ভুখন্ডেই একমাত্র দেখা গেছে, এ বিষয়ে বিশ্বের উদ্ভিদবিজ্ঞানীরাও একমত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আরেকজন অধ্যাপক আবদুল আজিজ বলেন, ‘ক্যাম্পাসের গাছটির কোষ থেকে নতুন গাছ জন্নানো যায় কি না, তা পরীক্ষা করে আমরা ব্যর্থ হয়েছি। এখন প্রজাতিটিকে একেবারে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য পরিপক্ব ফল সংগ্রহ করে পরবর্তী সময়ে নতুন গাছ গজানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

প্রথম আলো, ১৮ অক্টোবর, ২০০৮
Read more »

May 18, 2008

মৃত্যুর পথে শতবর্ষী পামগাছ

রাজধানীর ওয়ারীর নবাব স্ট্রিটের বলধা গার্ডেনের শতবর্ষ পূর্ণ হবে আগামী ডিসেম্বরে প্রকৃতিপ্রেমিক দানবীর নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী অতি যত্নে ১৯০৯ সালে সাইকি ও সিবেলি নামে এ বাগানটি তৈরি করেন। শুরুতেই ৫০টিরও বেশি দেশ থেকে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করে আপন মহিমায় বাগানটি সাজিয়েছিলেন তিনি। আজ নানা দেশের বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদে পরিপূর্ণ এটি। বর্তমানে ৮৭ পরিবারভুক্ত ৩৩৯ বর্গের ৬৭২ প্রজাতির ১৫ হাজার উদ্ভিদ রয়েছে।

কিন্তু বলধা পরিবারে আজ আনন্দ নেই। করুণ কান্না পরিবারের বৃক্ষ, তরুলতা-সবার চোখে। শোকে বিহ্বল তারা। কারণ শতবর্ষে ফোটা দেশের একমাত্র সুগার পামটি কিছুদিনের মধ্যেই মারা যাবে। ১৯৩৯-'৪০ সালের মধ্যে জমিদার নরেন্দ্রনারায়ণ রায়ের নিজ হাতে বোনা এ গাছটি কিছুদিন হলো ফুল ফুটিয়েছে। এখন শুধু ফল হওয়ার অপেক্ষ। তাও অতি ক্ষণকালের; মাত্র এক মাস। বংশধর সৃষ্টির পর এটি পৃথিবীতে আর থাকতে চায় না। তাদের বেড়ে ওঠার পথ মসৃণ করে দিতেই অধরা থেকে বিদায় নেবে গাছটি। এটিই প্রকৃতির নিয়ম!

বলধার তত্ত্বাবধায়ক রুহুল আমিন এ প্রসঙ্গে আমার দেশকে বলেন, পামগাছটিতে এখন গাছের ডালের মতো মঞ্জুরিতে ক্রিম-সাদা ফুল ফুটেছে। ফুল ফোটার পরে গাছটি মাত্র কয়েক মাস বেঁচে থাকবে। গাছের কাণ্ডে লম্বালম্বিভাবে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। কাণ্ডে ফাটল দেখা দিয়েছে। এখন ফাটল আরো বাড়ছে। ফুল থেকে বীজ হয়ে পেকে পরবর্তী বংশধর তৈরি করেই এটি পৃথিবী থেকে বিদায় নেবে। তবে বীজগুলো সংরক্ষণ করা হবে। এরপর বোটানিক্যাল গার্ডেনে পাঠিয়ে দেয়া হবে। ইতোমধ্যে নার্সারিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, গাছটি নরেন্দ্রনারায়ণের নিজের লাগানো। এর চারা বিদেশ থেকে আনা। ১৯৩৮-৪০ সালের মধ্যে এটি বোনা হলেও গাছটির বয়স হবে ৭০ বছর। এর বৃদ্ধি ও উচ্চতা দেখেও তাই মনে হয়। আমাদের দেশের নারিকেল ও সুপারিগাছের উচ্চতা দেখেও এভাবে বয়স অনুমান করা যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পামগাছটি অত্যন্ত দৃঢ়। তালগাছের মতো চেরাই করে এর খুঁটি বানালে দীর্ঘস্থায়ী হয়। এমনকি মাটিতেও সমান শক্তিমান; ঘরের বরগা ও কড়ি হয়। সাগুতাল বা মচ্ছপুচ্ছ পাম (ক্যরিওটা ওরেনস), বোতল পাম বা পর্বত মহিমা (রসস্টোনিয়া রিজিয়া), তাল, নারিকেল প্রভৃতি একই পরিবারের (পামে) গাছের মতো দুর্দান্ত। বলধার দুটি অংশ সিবেলি ও সাইকি। ১৯৩৬ সালে ২৭ বছরের যত্নে সাইকির নির্মাণ কাজ সমাপ্ত হয়। ১৯৩৮ সালে সিবেলি নির্মাণ শুরু হয়। ওয়ারীর নবাব স্ট্রিটের শেষ প্রান্তে দক্ষিণের অংশের নাম সাইকি। সিবিলি তারই মুখোমুখি নবাব স্ট্রিটের উত্তর দিকে অবস্থিত। সিবিলির উত্তর দিকে ঢাকা-নারায়ণগঞ্জ প্রাচীন রেললাইন; বর্তমানে সেটি রাস্তা হয়ে গেছে। তার উত্তরে ২০০ গজের মধ্যে বঙ্গভবনের দক্ষিণের সীমানা দেয়াল। সিবেলির উত্তর সীমানা দেয়ালের পাশে বাগানের আদি গাছ পাম (করিফা এলাটা) গাছে ফুল ফুটেছে। প্রকৃতিপ্রেমিক নরেন্দ্রনারায়ণ সিবেলির জমি ক্রয় করেন শঙ্খনিধি পরিবারের ব্যবসায়ী লালমোহন সাহার কাছ থেকে। এটি সাহা পরিবারের বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হতো। এ সময়ও শঙ্খনিধি পুকুরটি ছিল বর্তমানের মতো ধাপে ধাপে বাঁধানো পাড়। এতে পুকুরের পাড়ের মাটির সঙ্গে পুকুরের জলজ প্রাণীর পরিবেশ ভারসাম্য বজায় থাকে। এ বাগানবাড়ির বিখ্যাত সূর্যঘড়িটি (সান ডায়াল) সাহা পরিবারের তৈরি। বলধার তত্ত্বাবধায়ক রুহূল আমিন জানান, জমিদার পুকুরের সঙ্গে সূর্যঘড়িটি কিনে নেন। এছাড়াও জমিদারের কেনার সময় এখানে দুটি বিখ্যাত গাছ ছিল-একটি দেশি বাদাম (টারমিনালিয়া কাটাপ্পা), অন্যটি দেশি খেজুর (ফিনিক্স সিলভেসট্রিস)। বর্তমানে এগুলো নেই। তবে তিনি দাবি করেন, বাংলাদেশে এটিই একমাত্র সুগার পাম।

বলধা ও রমনা পার্কে গভীর নলকূপ বসানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাগানের জন্য এটি ক্ষতিকর। এখান থেকে পানি তুলে পার্শ্ববর্তী এলাকায়ও পানি সরবরাহ করা হচ্ছে। প্রকৃতিপ্রেমিরা ছোট অগভীর নলকূপ বসিয়ে শুধু বাগানে পানি সরবরাহ করার দাবি করেছেন। বলধার দক্ষিণ ও পশ্চিম দিকে উঁচু ইমারতও বাগানের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিবেলিতে দর্শক ঢোকার ব্যাপারে আরো কড়াকড়ি করা দরকার বলেও মত দিয়েছেন তারা।

জানা গেছে, বলধার মতো ব্যক্তি উদ্যোগে আরেকটি ঐতিহাসিক বাগান ছিল জামালপুরের ঈশ্বরচন্দ্র গুহের চৈতন্য নার্সারী, যা বলধার আগে ১৮৯৪ সালে শুরু হয়। কিন্তু কাজ আরম্ভ হয় তারও ১০ বছর আগে। আর এটিও সারা পৃথিবী থেকে চারা সংগ্রহের মাধ্যমে গড়ে ওঠে। বলধার নরেন্দ্রনারায়ণ এবং জামালপুরের ঈশ্বরচন্দ্র গুহ শখ করে বাগান করেন। এখান থেকে পামগাছ এনে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কে ১৯০৫ সালে বোনা হয়।

সূত্র: আমার দেশ, ২৪ এপ্রিল, ২০০৮


Read more »

May 12, 2008

বিশ্বের বিচিত্র বৃক্ষরাজি

প্রকৃতিতে আমাদের কাছের আর সবচেয়ে উপকারী বন্ধুটির নাম গাছ। গাছের ফুল-পাতা-ফল সবই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। কারণ আমরা বেঁচে থাকার জন্য কোনো গাছের ফল, কোনো গাছের ফুল আবার কোনো গাছের পাতা খাবার হিসেবে গ্রহণ করি। আর বেঁচে থাকার সবচেয়ে বড় উপাদান অক্সিজেনও পাই গাছ থেকেই। প্রাকৃতিক সৌন্দর্যের উপাদান, পরিবেশবান্ধব এ গাছের রয়েছে বৈচিত্র্যময় বিশালতা, যা আমাদের কল্পনাশক্তিকেও হার মানায়। হার মানায় এ কারণে যে, আমাদের দেশে একমাত্র ‘বট’ ছাড়া অন্য কোনো গাছের তেমন একটা বিশালতা নেই। কিন্তু এমন যদি হয়, একটি গাছকে ধরতে ৩৩ জন লোককে হাত ধরাধরি করে দাঁড়াতে হয়, তাহলে ব্যাপারটি বিস্ময়ের নয় কি? হ্যাঁ, গাছটির নাম ‘বাওবাব’। আফ্রিকার এ গাছটির গোড়ার ঘের সর্বোচ্চ ৫৪.৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই গাছের গুঁড়ি ১০ হাজার লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারে, যা শুষ্ক মৌসুমে স্থানীয় অধিবাসীদের কাজে লাগে। ইউক্যালিপটাস গাছ আমাদের দেশেও আছে। তবে সবচেয়ে লম্বা ইউক্যালিপটাস গাছটি পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। এর উচ্চতা ১৩২.৫ মিটার। ভাবা যায়! উচ্চতার দিক দিয়ে সিকোইয়া গাছও কম নয়। এ গাছ ১০০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পৃথিবীতে সবচেয়ে পুরনো গাছের বয়স কত জানেন? ৪ হাজার ৭০০ বছর! মিথিউসেলা নামে এ গাছটি নাকি আরো ৮০০ বছর বেঁচে থাকবে! গাছটির অবস্থান মেক্সিকোতে। সবচেয়ে দ্রুত বাড়ে এমন গাছের বাড়ি আবার মালয়েশিয়ায়।
‘আলবিজিয়া ফ্যালকাটা’ নামে এ গাছেরা মাত্র ১৩ মাসে ১০.৪৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আবার সবচেয়ে কম বর্ধনশীল গাছের নাম ‘ডিউন হডিউল’। এটি বছরে বাড়ে মাত্র .৬৭ মিলিমিটার।
গাছ কি কখনো নিঃসঙ্গ হয়? উত্তরটা স্বভাবতই ‘না’। কারণ কোনো গাছ বিচ্ছিল্পুভাবে জন্মালেও দূর থেকে অন্যান্য গাছের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়। কিন্তু ১৪৫ কিলোমিটারের মধ্যে যে গাছের প্রতিবেশী নেই, তাকে তো নিঃসঙ্গ বলতেই হবে। অ্যান্টার্কটিকায় পাওয়া গেছে এমন একটি গাছ। গাছটি বরফের প্রান্তরে বছরের পর বছর একলা দাঁড়িয়ে থেকে পরিচিত হয়েছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছ হিসেবে।
খবর নেয়া হয়েছে সমকাল ১২ মে তারিখ থেকে।
Read more »

February 6, 2008

টালি পাম প্রজাতির শেষ গাছটি ফুল দেয়ার অপেক্ষায়


ঢাকা ইউনিভার্সিটির ফুলার রোডে বৃটিশ কাউন্সিল ভবনের উল্টো দিকে ইউনিভার্সিটির প্রোভিসির বাসভবন। সেখানে রয়েছে নিঃসঙ্গ একটি বৃক্ষ, এ পৃথিবীতে যার কোনো সঙ্গী নেই। মধ্যবয়সী তাল গাছের মতো দেখতে গাছটি। নাম টালি পাম। বৈজ্ঞানিক নাম কোরিফা টালিরিয়া রক্সব।

এ গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি জীবনে একবারই ফুল-ফল দেয়। এ জন্য ৫০ বছরের কাছাকাছি সময় নেয়। ধারণা করা হচ্ছে, বর্তমানে টালি গাছটির বয়স ৫০ বছরের কাছাকাছি। সে হিসেবে কিছুদিনের মধ্যে গাছটি ফুলে ভরে উঠবে। আর তখনই বীজ সংগ্রহ করে সংরক্ষণ করা যাবে হারিয়ে যেতে বসা এ প্রজাতিটি। গাছটি জীবনে একবারই ফুল দেয় এবং এরপরই মারা যায়।

টিসু কালচারের মাধ্যমেও গাছটি বিলুপ্তির দুয়ার থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে ধারণা করা হতো। বাংলাদেশের উদ্ভিদবিজ্ঞানীরা উদ্ভিদ নিয়ে গবেষণা করে এমন দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এ প্রজাতিটির টিসু কালচার হয় না।

কোরিফা টালিরিয়া ভারত উপমহাদেশের স্থানীয় প্রজাতি। আগে শ্রী লংকা, সাউথ ইনডিয়াতে এ গাছটি দেখা যেতো। ১৯১৯ সালে বিখ্যাত বৃটিশ উদ্ভিদবিজ্ঞানী ডাবলিউ রক্সবার্গ এ প্রজাতিটি প্রথমবারের মতো বৈজ্ঞানিক উপায়ে তালিকাভুক্ত করেন।

এর আগ পর্যন্ত প্রজাতিটি উদ্ভিদবিজ্ঞানের জগতে অনাবিষ্কৃত ছিল। বাংলাদেশে প্রথমবারের মতো এই টালি পাম বৃক্ষটিকে শনাক্ত করেন বিশ্বখ্যাত প্রয়াত উদ্ভিদবিদ, ঢাকা ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. আবদুস সালাম। গত শতাব্দীর ৫০ দশকে তিনি এ গাছটি প্রথম দেখতে পান।

কিন্তু গাছটি কোন প্রজাতির তা তিনি শনাক্ত করতে পারেননি। তবে এটি যে বিরল ও দুর্লভ প্রজাতির গাছ, তা তিনি বুঝতে পারেন এবং কর্তৃপক্ষের কাছে আবেদন করেন গাছটি যেন না কেটে ফেলা হয়। মূলত তার একক প্রচেষ্টার ফলেই গাছটিকে প্রোভিসির বাসভবনের অন্তর্ভুক্ত করা হয়।

কিছুদিন আগ পর্যন্ত এ প্রজাতিটির আরেকটি গাছ ছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। এ গাছের ফুল দেখতে খেজুরের ছড়ার মতো। সেখানে যখন ফুল ফোটে তখন গ্রামের মানুষ ধারণা করলো এটি ভূতপ্রেতের কাজ।

ড. শ্যামল কুমার বসু নামে বিখ্যাত এক পাম বিশেষজ্ঞ এ খবর শুনে প্রচ- কৌতূহল বোধ করেন এবং গাছটি দেখতে সেই গ্রামে যান।

তিনি অপার বিস্ময়ে লক্ষ করেন, গ্রামবাসী যাকে তাল গাছ বা খেজুর গাছ বলে ধারণা করছে সেটি আসলে একটি টালি পাম গাছ। ড. বসু এ গাছটি শনাক্ত করার আগ পর্যন্ত ধারণা করা হতো, প্রজাতিটি পৃথিবী থেকে চিরবিলীন হয়ে গেছে।

তিনি গ্রামবাসীকে প্রকৃত বিষয় খুলে বলে অনুরোধ জানান, যাতে গাছটিকে রৰা করা হয়। কিন্তু কিছুদিন পরেই গ্রামবাসী গ্রাম থেকে ‘ভূত তাড়ানোর উদ্দেশ্যে’ গাছটি কেটে ফেলে।

এ ঘটনা ১৯৭৯ সালের। এরপরই বিজ্ঞানীদের বদ্ধমূল ধারণা জন্মে, এ প্রজাতিটি হারিয়ে গেছে বিশ্ব থেকে। ২০০১ সালে সেই শ্যামল বসু বেড়াতে আসেন বাংলাদেশে এবং সৌভাগ্যক্রমে টালি পাম গাছটির সংস্পর্শে আসেন। তিনি জানালেন, এটিই এ প্রজাতিটির পৃথিবীর একমাত্র গাছ। এরপর এ দেশের উদ্ভিদবিজ্ঞানীরা দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে জানতে পারেন তার কথা সর্বাংশে সঠিক। বর্তমানে গাছটিকে একটি কংকৃটের দেয়ালের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। এটিকে রক্ষা করার জন্য চলছে ব্যাপক প্রচেষ্টা। রাখা হয়েছে একজন মালি, যিনি গাছটি দেখাশোনা করেন।

ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার বলেন, তিনিও উন্মুখ হয়ে আছেন কখন গাছটি ফুল দেয়।

সূত্র: দৈনিক যায়যায়দিন, ১৮ এপ্রিল ২০০৭
Read more »